ভাড়া আদায়কে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশা চালকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন যাত্রী আলী হোসেন (৫৫)।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার লালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন একই উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত জব্বার দেওয়ানের ছেলে।
যাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদীখান থানার ওসি মিজানুল হক।
তিনি জানান, ঘটনার পরপরই অটোরিকশা নিয়ে পালিয়ে গেছেন চালক। যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার ইছাপুরা স্ট্যান্ড থেকে সিরাজদীখান বাজারে চলাচলরত একটি অটোরিকশায় চড়েন যাত্রী আলী হোসেন। তিনি ওই রুটের পথিমধ্যে লালবাড়ি গ্রামে যাচ্ছিলেন।
ইছাপুরা থেকে সিরাজদীখান বাজারের যাত্রী প্রতি ভাড়া ১০ টাকা। তবে মাঝপথে লালবাড়ি নামক স্থানে নেমে যাত্রী আলী হোসেন ৫ টাকা ভাড়া দেন। কিন্তু চালক ১০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চালক অটোরিকশার যাত্রী আলী হোসেনকে ধাক্কা দেন। এতে ওই যাত্রী সড়কের পার্শ্ববর্তী রংধনু নার্সারির কাঁটা তাঁরের প্রাচীরের উপর গিয়ে পড়ে আঘাত পান। অটোরিকশা চালক অন্যান্য যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যান।
এ সময় অটোরিকশার অপর যাত্রী ও স্থানীয়রা আহত আলী হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
