ধান কাটতে রাজি না হওয়ায় গলা কেটে নৃশংসভাবে হত্যা

আপডেট : ০৫ মে ২০২২, ০৭:১৬ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় হাওরের জমিতে ধান কাটতে শ্রম দিতে রাজি না হওয়ায় খায়রুল ইসলাম (৩০) নামে এক শ্রমিককে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় শফিকুল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাখনা গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত খায়রুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এরই পাশাপাশি ধান কাটার কাজও করে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে উপজেলার মাখনা (হাটখলা) গ্রামের লিয়াকত মিয়ার ছেলে শফিকুল ইসলাম তার চাচা দুলাল মিয়ার ধান ক্ষেত কাটার জন্য খায়রুল ইসলামকে বলে। জমি নিয়ে দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের এখলাছ মিয়া ও এলাই মিয়ার বিরোধ থাকায় খায়রুল ইসলাম ধান কাটতে রাজি হননি। এ বিষয়কে কেন্দ্র করে সকালে খায়রুল ইসলাম বাড়ির সামনে ক্ষেতের আইলে ঘাস কাটতে গেলে শফিকুল ইসলামের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম উত্তেজিত হয়ে খায়রুলের হাতে থাকা কাঁচি কেড়ে নিয়ে খায়রুলের গলায় আঘাত করে। তাৎক্ষণিক খায়রুলকে তার পরিবারের লোকজন মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খায়রুল ইসলাম নামে মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত