ঈদের ছুটিতে হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন লেবুখালী পায়রা সেতু।
ঈদের দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ঈদের দ্বিতীয় দিনে পরিবার-পরিজন নিয়ে বিনোদনের জন্য পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেততে ভিড় করছেন হাজারো দর্শনার্থী।
গত বুধবার দুপুর থেকেই পায়রা সেতু মুখর হয়ে ওঠে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের পদচারণায়। ঈদে বিনোদনের জন্য পটুয়াখালী জেলা শহর ও বরিশাল, বাকেরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা থেকে নারী-পুরুষ এবং শিশু-কিশোররাও ভিড় করছে পায়রা সেতুতে।
প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমায় ভ্রাম্যমাণ দোকানপাট, চটপটি-ফুচকা, ছোলা-বাদাম বিক্রেতাদের বিক্রি বেড়ে যাওয়ায় খুশি হকার ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দর্শনার্থী সুমাইয়া বলেন, কুয়াকাটা ছাড়া আমাদের এলাকায় ভালোমানের তেমন কোনো বিনোদন স্পট নেই। তবে লেবুখালী পায়রা সেতু হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এখন মন চাইলেই আমরা ঘুরতে যেতে পারি।
তারেক নামে আরেকজন দর্শনার্থী বলেন, মনের আনন্দে আমরা বন্ধুরা মিলে লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে এসেছি।
