টাঙ্গাইলের মির্জাপুর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ৭ মে টাঙ্গাইল জেলার প্রথম গণহত্যাটি সংঘটিত হয় উপজেলা সদরের মির্জাপুর এবং আন্ধরা গ্রামে। পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় গণহত্যা চালিয়ে কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবিসহ ৩১ নিরপরাধ গ্রামবাসীকে হত্যা করে।
সেদিন বেলা আনুমানিক পৌনে ৩টার দিকে পাকিস্তানি বাহিনীর একটি দল আকস্মিক লৌহজং নদীর পাশে মির্জাপুর ও আন্ধরা গ্রাম দুটি ঘিরে ফেলে। এরপর পাখির মতো গুলি করে গ্রামবাসীকে হত্যা করে। পরে চালায় লুটপাট ও অগ্নিসংযোগ। ঘাতকদের এ দলটিই সন্ধ্যার পর নারায়ণগঞ্জের বাসা থেকে দানবীর রণদা প্রসাদ সাহা, তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবি ও কর্মচারী গৌরপদ সাহাকে ধরে নিয়ে শীতলক্ষ্যার পাড়ে হত্যা করে।
দিনটি উপলক্ষে এলাকাবাসী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যায় উপজেলা প্রশাসন চত্বরের মুক্তির মঞ্চে মোমবাতি প্রজ¦ালন করে শহীদদের স্মরণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানিয়েছেন।
