করোনা থেকে সেরে ওঠার সূচকে আট ধাপ উন্নতি হওয়ায় বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার বিশে^র ১২১টি দেশের মধ্যে এ সূচক প্রকাশ করে নিকেই।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। নিকেই কভিড-১৯ আরোগ্য সূচকে বাংলাদেশ পেয়েছে ৮০ পয়েন্ট। গত মার্চের শেষে ৭২ পয়েন্ট পেয়ে এ অবস্থান ছিল ১৩তম।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকাদানের হার এবং সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এ সূচক প্রকাশ করা হয়।
এপ্রিলের সূচকে ৭৯ পয়েন্ট পেয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে নেপাল। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ২৩তম স্থানে রয়েছে। ৩১তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ অবস্থানে রয়েছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। ৬২ দশমিক ৫ পয়েন্ট পেয়ে হাইতির সঙ্গে যৌথভাবে ৭০তম অবস্থানে রয়েছে ভারত। সূচকের শীর্ষে থাকা দেশ কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পেয়েছে ৮৭ পয়েন্ট।
কয়েক মাস ধরে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসছে। গত ২০ এপ্রিলের পর একটানা ১৬ দিন করোনায় নতুন কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের ১৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন। মহামারীর শুরুতে ২০২০ সালের ১৮ মার্চ প্রথম মৃত্যুর পর এ পর্যন্ত ২৯ হাজার ১২৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে ২৫৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৫।
