নোয়াখালীতে ব্রিজ ভেঙে পিকআপ ভ্যান খালে

আপডেট : ০৭ মে ২০২২, ০৭:০১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজার এলাকায় বড় পোল ভেঙে মাল বোঝাই পিকআপ ভ্যান খালে ডুবে গেছে।

এ ঘটনায় পিকআপ ভ্যান চালক ও সহকারী আহত হয়েছেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে জেলা শহর মাইজদীর সঙ্গে তিনটি ইউনিয়নের, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের নিচ থেকে খাল খননের কারণে মাটি সরে গেছে। যার কারণে গত দুই দিন আগে ব্রিজের নিচের মাঝখানের পিলার ভেঙে গেছে এবং এ দুর্ঘটনা ঘটে। দুপুর একটার দিকে মালামাল বোঝাই পিকআপটি ব্রিজের মাঝামাঝি গিয়ে ব্রেক করে। এরপরই ব্রিজটি ভেঙে পিকআপ ভ্যানটি খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন চালক ও সহকারীকে উদ্ধার করে। বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে আমরা নতুন করে ব্রিজ চেয়েছি। ঢাকায় তালিকাও পাঠানো হয়েছে।

তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে আপাতত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ডাইভারশন ব্যবস্থা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত