চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় যাত্রীসেবা নামের বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার বড়তাকিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাস কাউন্টারের মালিক মো. জামাল উদ্দিন আহত হয়েছেন। পুলিশ হামলায় নেতৃত্বকারী সৈদালী এলাকার মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে মিরসরাই থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
আহত জামাল উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সৈদালী এলাকার মো. মহিউদ্দিন তার বাস কাউন্টারে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে কাউন্টারে হামলা চালায়। এসময় তারা তাকে মারধর করে আহত করে এবং কাউন্টারের আসবাব ভাঙচুর করে। হামলারকারীদের হাত থেকে বাঁচতে জামাল উদ্দিন একপর্যায়ে কাউন্টারের পাশের শৌচাগারে আশ্রয় নেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে।
মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, বাস কাউন্টারের হামলার ঘটনায় মামলা হয়েছে। মহিউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
