ইউক্রেনের উপকূলীয় শহর মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় আটকে থাকা সকল বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়া সরকার।
গত সপ্তাহে জাতিসংঘ এবং রেডক্রসের সমন্বয়ে এই উদ্ধার অভিযান শুরু হয়। তবে এই সংস্থা দুটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনীয় বাহিনী এই ভারী বোমা বিধ্বস্ত প্লান্টে কোনো রকম টিকে আছে। নগরীর এই অংশটি এখনো রাশিয়া নিয়ন্ত্রণে নিতে পারেনি।
রুশ বাহিনী এক সপ্তাহ ধরে প্লান্টটি ঘিরে রেখেছে। আজভস্টলকে রক্ষায় ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনীকে আত্মসমর্পণের দাবি জানিয়ে আসছে রাশিয়া।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অবস্থান এখনো জানা না গেলেও ইউক্রেনীয় উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, নারী-শিশু ও প্রবীণদের বিশাল স্টিল মিলের বাংকার থেকে বের করে আনা হয়েছে। মারিউপোলে মানবিক অভিযানের এই অংশটি শেষ করা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনশোর অধিক বেসামরিক লোককে প্লান্ট থেকে বের করে আনা হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর হিসাবে আরও কম। তিনি জানিয়েছেন, গত তিন দিনে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে।
জেলেনস্কি জানান, মারিউপোল থেকে সামরিক লোকদের বের করে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল।
যুদ্ধ শুরুর প্রথম দিকেই বিশাল স্টিল কারখানায় আটকা পড়েন বহু বেসামরিক লোক। কারখানা দখল নিয়ে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
