যুবককে ‘ছুরিকাঘাতে হত্যাচেষ্টাকালে’ পুলিশ কর্মকর্তার ছেলে আটক

আপডেট : ০৮ মে ২০২২, ০৮:২৫ পিএম

নারায়ণগঞ্জে সোহাগ নামে এক যুবককে হত্যাচেষ্টার সময় দীপ চৌহান (২১) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলেকে আটক করে ফতুল্লা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার রাতে শহরের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দীপ চৌহান ফতুল্লা থানার জামতলা ধোপাপট্টির ময়নার বাড়ির ভাড়াটিয়া পুলিশের এসআই রবি চৌহানের ছেলে।

বর্তমানে রবি চৌহান রাঙ্গুনিয়া থানায় কর্মরত রয়েছেন। এই মাসেই তার নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে যোগদানের কথা রয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনায় জামতলা হাজী ব্রাদার্স রোডের প্রয়াত হাজী ইউনুসের ছেলে ভুক্তভোগী যুবক মাজহারুল ইসলাম সোহাগ (৩৮) বাদী হয়ে আটক দীপ চৌহান ও জাহিদের (১৮) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এশার নামাজ পড়ে স্থানীয় যুবক সোহাগ ফোনে কথা বলতে বলতে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় গলির মোড়ে পৌঁছালে তিন-চার যুবক তার পথরোধ করে। পরে তারা সোহাগকে গালমন্দসহ মারধর করতে থাকেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার গলায় ছুরি চালানো হয়।

এ সময় সোহাগের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে দীপ চৌহানকে আটক করা গেলেও সহযোগীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, রাতে দীপ নামক এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেছে। এ বিষয়ে সোহাগ নামক এক যুবক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত