কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ও পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ। বক্তারা এ ঘটনায় প্রধান অভিযুক্ত টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা রেলওয়ে স্টেশনের আয়া সুরাইয়া আক্তার বিউটি ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় রেল পুলিশের মামলার পর থেকে বিউটি পলাতক রয়েছেন। গতকাল তাকে স্টেশনের আয়ার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টিকিট কালোবাজারি সুরাইয়া আক্তার বিউটি বাহিনীর অত্যাচারে কেউ শান্তিমতো টিকিট ক্রয় করতে পারেন না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন বিকেলে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিকে কেন্দ্র করে বিউটিসহ তার বাহিনী কাউন্টারে ঢুকে বুকিং সহকারী রফিককে মারধর করে চলে যায়। এসময় এগিয়ে গেলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্টেশনের আয়া সুরাইয়া আক্তার বিউটিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
