‘রত্নগর্ভা মা’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার মা মোসাম্মৎ আমেনা বেগম।
রোববার বেলা ১১টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
আমেনা বেগম ১৯৪২ সালের ২০ মে তৎকালীন স্কুল শিক্ষক এ কে মুর্শেদ আহমেদ ও ফাতেমা বেগমের ঘর আলোকিত করে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
অসামান্য ত্যাগ, অকৃত্রিম ভালোবাসা, মেধা, ধর্মানুভবতা, বিচক্ষণতা ও কঠোর শাসনের মাধ্যমে নিজের পাঁচ সন্তানকে সুশিক্ষিত, যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলেছেন তিনি।
আমেনা বেগমের তৃতীয় সন্তান হলেন তারিকুল রহমান। তিনি সিনিয়র সার্ভেয়ার (ভূতত্ত্ববিদ)। অস্ট্রেলিয়ায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। চতুর্থ সন্তান মাহবুবুর রহমান একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। পঞ্চম সন্তান একমাত্র কন্যা শাহনাজ আন্জুম বর্তমানে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র কর্মকর্তা।
বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে দেশের অর্থনৈতিক উন্নয়নে মায়ের এই সুযোগ্য সন্তানেরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন।
সাবলিল, সাধারণ, পরোপকারী, মিষ্টভাষী, ধার্মিক, পরিশ্রমী, সহনশীল, দায়িত্ববান ও অসামান্য মানবিক গুণাবলীর সমন্বয়ে এক অসামান্য মানবীয় চরিত্রে সাদা মনের মানুষ আমেনা বেগম।
