পৃথিবীতে যখন উষ্ণায়নের প্রভাবে বাস্তুসংস্থানের প্রত্যেকটি স্তরে প্রভাব পড়ছে, ঠিক তখনই চলছে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান। নিজেদের নিরাপত্তা রক্ষার নামে রাশিয়া ও ইউক্রেন এই সংঘাতে লিপ্ত হয়েছে। এই সংঘাতের দুই চরিত্র রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনের নির্দেশে রুশ সেনারা যখন ইউক্রেনের তিন দিক দিয়ে মিসাইলের পর মিসাইল হামলা চালাচ্ছে, তখন জেলেনস্কিকে দেখা যাচ্ছে সাধারণ পোশাক পরিহিত অবস্থায় ভিডিওবার্তা দিতে যুদ্ধের ময়দান থেকে। পুতিনকে অবশ্য তার চিরাচরিত পোশাকেই দেখা যাচ্ছে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের খরচ জোগাতে অর্থ সংগ্রহকারী একটি দল ‘ব্রেভ ইউক্রেন’ লন্ডনে জেলেনস্কির ব্যবহৃত একটি জ্যাকেট নিলামে তোলে। জ্যাকেটটি ১ লাখ ১১ হাজার ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় দাম ৯৬ লাখ ৩৫ হাজার টাকা। যুক্তরাজ্যে ইউক্রেনের দূতাবাস থেকে এক ভিডিওবার্তায় জেলেনস্কির ভেড়ার চামড়ায় তৈরি করা জ্যাকেটটি বিক্রি করার সংবাদটি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ‘আজ গোটা বিশ্ব একটি সাধারণ ভেড়ার চামড়ায় তৈরি করা জ্যাকেট পরিহিত এক ব্যক্তির দিকে তাকিয়ে আছে। প্রেসিডেন্ট জেলেনস্কির স্বাক্ষর করা এই আইকনিক জ্যাকেটটি এখানে তুলে ধরা হয়েছে।’
দূতাবাসের টুইটবার্তায় আরও দাবি করা হয়, এই নিলামের উদ্দেশ্য হলো যুদ্ধের ময়দানের বীরত্বগাথা তুলে ধরা এবং এই বীরত্বকে এগিয়ে নেওয়ার জন্য অর্থ সংগ্রহ করা। লন্ডনের ট্যাটে মডার্ন আর্ট গ্যালারিতে ওই নিলামটির আয়োজন করা হয়। গোটা নিলাম থেকে ইউক্রেন যুদ্ধের জন্য ১ মিলিয়ন ডলার তোলা হয়। এই অর্থের সিংহভাগই যাবে ওয়েস্টার্ন ইউক্রেনিয়ান স্পেশালাইজড মেডিকেল সেন্টারের যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে। ওই নিলামের আয়োজক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমার বন্ধু ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলতে পারা আমার জন্য সম্মানের। সত্যিই এই আধুনিক সময়ে তিনি একজন অসাধারণ নেতা।’ নিলামে জনসন নিজেও অংশ নিয়েছিলেন। জ্যাকেটটির দাম তিনিই শুরুতে ৬১ হাজার ডলারে নিয়ে গিয়েছিলেন।
