আওয়ামী লীগের ৩ সংগঠনের সম্মেলন দ্রুত করার নির্দেশ

আপডেট : ১১ মে ২০২২, ০২:০১ এএম

আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন যত দ্রুত সম্ভব করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের জন্য নির্দেশ দিয়েছি। তারা আওয়ামী লীগ অফিসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল নেবে। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।’

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে। পাশাপাশি সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। আর আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা থেকে তাদের মধ্যে এ দায়িত্ব বণ্টন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত