বগুড়ার মহাস্থান হাটে অতিরিক্ত টোল আদায় করা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ী নেতাকে মারধরের জের ধরে পাল্টাপাল্টি ধাওয়ার পর হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে মহাস্থান হাটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হাটের ক্রেতা-বিক্রেতা ভয়ে ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
উপজেলা পরিষদ সূত্র জানায়, বাংলা ১৪২৯ সনে ৪ কোটি ৩১ লাখ টাকায় মহাস্থান হাট ইজারা নেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
গত ১ বৈশাখ নতুন বছরের টোল আদায় নিয়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর লোকজনের সঙ্গে ইজারাদার রিপুর লোকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
এতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় উপজেলা চেয়ারম্যানের লোকজনের নামে থানায় মামলাও হয়।
এদিকে গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান রিজু শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে মহাস্থান হাটে টোল আদায়ের সরকারি তালিকা টাঙিয়ে দেন।
বুধবার সকালে হাট শুরু হলে উপজেলা চেয়ারম্যানের লোকজন সরকারি তালিকা অনুয়ায়ী টোল প্রদানের জন্য হাটে যাওয়া ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহ্বান জানান।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় মহাস্থান বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মারধর করে ইজারাদারের লোকেরা। এর জের ধরে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া।
এ সময় হাটে আসা লোকজন মালামাল ফেলে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ হাটে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু দাবি করেন, আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপু মহাস্থান হাট ইজারা নেয়ার পর থেকেই অতিরিক্ত টোল আদায় করছেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার ওই হাটে সরকারি তালিকা টাঙানো হয়। এ কারণে বুধবার ইজারাদারের লোকজন ব্যবসায়ী নেতা জিয়ার ওপর হামলা চালায়। জিয়াকে মারধর করে তার ডান পা ভেঙে দেয়া হয়েছে। মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে হাটের ইজারাদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বুধবার মহাস্থান হাটে কি হয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। হাটে গেলে বিস্তারিত জানতে পারবো।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, মহাস্থান হাটে উদ্ভূত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টোল আদায়ের বিরোধেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে উল্লেখ করেন তিনি।
