নরসিংদীর মনোহরদীতে মায়ের কাছে নেশার টাকা না পেয়ে ইসমাইল হোসেন রনক (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার পীরপুর ভাটিপাড়া গ্রামের আলাল উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মায়ের কাছে নেশার টাকা চান ইসমাইল হোসেন। মা তা দিতে অপারগতা জানিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রনক রাত ১১টার দিকে নিজ বাড়িতে শোয়ার ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে আরও দুবার তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। নেশার টাকার জন্য পরিবারের ওপর অত্যাচার করতেন বলেও জানা গেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন বলেন, রনক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। যার কারণে সে অসুস্থও ছিল। সে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছে । এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
