চলতি বছরের সম্ভাব্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জনপ্রতি খরচ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা ঠিক করা হয়েছে। আর সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে খরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির প্রথম সভায় সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্যাকেজ ঘোষণা করেন।
সর্বশেষ ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। প্যাকেজ-১-এ মোট ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-৩-এ ৩ লাখ ১৫ হাজার টাকা খরচ ধরা হয়েছিল। আর বেসরকারি প্যাকেজে ৩ লাখ ৫৮ হাজার টাকা খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। দুই বছর আগের প্যাকেজের তুলনায় এ বছরের বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বেড়েছে ৯৮ হাজার ৫৩০ টাকা।
বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন এবার হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৯ জুলাই হজ হতে পারে।
সম্ভাব্য প্যাকেজের কারণ জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহামারীর কারণে সৌদি সরকার হজের ঘোষণা দিতে দেরি করেছে। এখন পর্যন্ত সৌদি আরব থেকে জনপ্রতি প্রকৃত খরচের হিসাব পায়নি বাংলাদেশ সরকার। এ কারণে সম্ভাব্য ব্যয় বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয় হজ প্যাকেজ ঘোষণা করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, হজের প্রস্তুতি নিতে এবার সময় খুবই কম। সময় স্বল্পতার কারণে যেন কোনো সমস্যা না হয়, সেদিক বিবেচনা করে সম্ভাব্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে প্রকৃত খরচ কম হলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ওই বছরের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল। তবে করোনাভাইরাস মহামারীর কারণে ওই বছর বা গত বছর বাংলাদেশ থেকে কেউ হজ করতে সৌদি আরবে যেতে পারেননি।
হজ প্যাকেজের দাম বাড়ার কারণ সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৩ টাকা। এখন এই হার ২৪ টাকা ৩০ পয়সা। এ ছাড়া সৌদি আরবে সব খাতের ওপর ১৫ শতাংশ ভ্যাট, সার্ভিস চার্জ ও কর অন্তর্ভুক্ত করা হয়েছে। মোয়াচ্ছাছার খরচ দ্বিগুণ হয়েছে। বাড়িভাড়া বেড়েছে। সবকিছু মিলিয়েই এ খরচ বেড়েছে।
হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকজ-১ ও প্যাকেজ-২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।
হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম। তিনি সাংবাদিকদের জানান, আগামীকাল (আজ বৃহস্পতিবার) তারা তাদের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ ঘোষণা করবেন।
