ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি নীলগাইকে ধরে জবাই করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার মন্ডলপাড়া গ্রামের কয়েকজন ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় সীমান্ত পেরিয়ে হঠাৎ একটি নীলগাই ভুট্টাক্ষেতে চলে আসে। এরপর তারা কাজ ফেলে নীলগাইটিকে ধরে ফেলেন। একপর্যায়ে গাইটি অসুস্থ হয়ে গেলে স্থানীয়রা নীলগাইটিকে জবাই করে দেন।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, খবর পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদেরকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতে ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
