পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২২, ১২:৫৫ এএম

ডোবার পানিতে ডুবে বান্দরবানের আলীকদমে দুই বোন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই চাচাতো ভাই মারা গেছে। মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ঝড়ে ডুবে যাওয়া ট্রলার শ্রমিকের এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে পাওয়া গেছে বৃদ্ধের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বান্দরবান : আলীকদম উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো মোহাম্মদ উল্লাহর মেয়ে মারুফা বেগম (৭) ও মাহাবুবা বেগম (৪)। গতকাল শনিবার উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারি পাড়ার সাবেক জেলা পরিষদ সদস্য উক্যমং মার্মার লেক থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে পানিতে ডুবে উসমান (২) ও আবদুল্লা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত উসমান বাছিদপুর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে এবং আবদুল্লা একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তারা চাচাতো ভাই।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলায় পুকুরের পানি থেকে মরা মাছ তুলতে গিয়ে গতকাল শনিবার সকালে বিদ্যুতায়িত হয়ে আবদুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে থাকায় সেখানে নামলে তিনি মারা যান বলে কুন্ডা ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেছেন। হাসিম জিহাদ নগরপাড়ার নুর মিয়ার ছেলে।

সিঙ্গাইর (মানিকগঞ্জ) : হরিরামপুর উপজেলার পদ্মায় ভাসমান অবস্থায় ট্রলার শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফরিদপুর নৌপুলিশ ও হরিরামপুর থানা পুলিশ। লাশটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার মৃত বিশু ফকিরের ছেলে আবুল কালমের বলে জানা গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলার দড়িকান্দি কবরস্থান সংলগ্ন পদ্মাপাড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

হরিরামপুর থানার এসআই আবদুস সালাম জানান, ১২ মে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উজানপাড়া এলাকায় ধানবোঝই একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবে যায়। ওই দিন থেকেই ট্রলার শ্রমিক আবুল কালাম (৫০) নিখোঁজ ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত