টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত রোগে গরু মরার হিড়িক পড়েছে। মাত্র আধঘণ্টার ব্যবধানে এক খামারের সাতটি গরুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে মির্জাপুর পৌরসভার পাহাড়পুর গ্রামে এসব গরুর মৃত্যু ঘটে। এভাবে গরু মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই গ্রামের প্রবাসী আমিনুর রহমানের স্ত্রী ইলা বেগম তার খামারে গাভিসহ দেশি ও বিদেশি প্রজাতির ৯টি গরু লালন-পালন করছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ দুধের একটি গাভী মারা যায়। এরপর আধঘণ্টার মধ্যে একে একে আরও ছয়টি গরুর মৃত্যু হয়।
ইলা বেগম বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে খামারটি করেছি। আধঘণ্টার মধ্যে সাতটি গরুর মৃত্যুতে আমি সর্বস্বান্ত হয়ে গেছি।’
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে গরু মরার খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে বংশাই নদীর চানপুর এলকায় একটি মৃত গরু ভাসতে দেখা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বৃষ্টি পড়ে গজানো ঘাসে নাইট্রিক এসিড থাকতে পারে। এ ধরনের ঘাস খেয়ে গরুগুলোর মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানার জন্য মৃত গরুর মাংস পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।’
