আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে রেহাই পায় না, তাকে শাস্তি পেতে হয়। কিন্তু বিএনপির আমলে এমন একটাও নজির নেই যে তারা শাস্তি দিয়েছে।
আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করেছে যারা তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিন সম্প্রতি ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিবের টিপ্পনীর জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
গতকাল শনিবার মাগুরা শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব ফখরুল সাহেব এখন প্রতিদিন হ্যালুসিনেশনের মাধ্যমে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে পাড়ি দিয়ে শ্রীলঙ্কা যান। আর বাংলাদেশকে জড়িয়ে কল্পনাপ্রসূত নানা কথা বলছেন। তবে বাস্তবতা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে উচ্চ শিখরে পৌঁছেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, মেট্রোরেল উদ্বোধন হবে সে জন্য ফখরুল সাহেবের মন খারাপ। বাংলাদেশের মানুষ যখন আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করে তখন বিএনপি নেতাদের মন খারাপ হয়। আমাদের অর্থনীতি তার নিজস্ব স্বকীয়তায় অনেক মজবুত। এটিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে তুলনা করা হাস্যকর।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলনের ভয় দেখান অথচ দলের প্রধান নেত্রীর মুক্তির আন্দোলনে ব্যর্থ। যারা নিজেদের ঘরের ঐক্য ধরে রাখতে পারে না জাতীয় ঐক্য কীভাবে করবে। নতুন করে জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন করে তামাশা’।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সভাপতিম-লীর আরেক সদস্য আব্দুর রহমান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল।
