রামপালের ব্রিজে উঠতে লাগে মই, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

আপডেট : ১৫ মে ২০২২, ০৯:২২ পিএম

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের বগুড়া নদীর ওপর নির্মাণাধীন বগুড়া খেয়াঘাট ব্রিজটির কাজ গত চার বছরেও শেষ হয়নি। এর ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে নির্মাণাধীন ওই ব্রিজটি দিয়ে চলাচল করতে হচ্ছে ১০ গ্রামের প্রায় ৭ হাজার মানুষ।

তবে উপজেলা প্রকৌশলী বলছেন, করোনা মহামারিতে বিলম্ব ও ব্রিজটির সংযোগ সড়কের জায়গা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির করা মামলার কারণে দুই দফায় ব্রিজটির নির্মাণকাজের সময় বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এলজিইডির অর্থায়নে ২০১৮ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয় বগুড়া খেয়াঘাট ব্রিজটির। ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই এই ব্রিজটির নির্মাণকাজ শুরু করে। ৬০ মিটার দৈর্ঘ্যের ওই ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৫১ হাজার ১৩৩ টাকা। ইতিমধ্যে ব্রিজটির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেয়ার কথা বলা হলেও সেটি সম্ভব হয়নি। নতুন করে মেয়াদ বাড়িয়ে আগামী জুন মাসে ব্রিজটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ।

সরেজমিনে দেখা যায়, হুড়কা ইউনিয়নের বেলাই, ভেকটমারী, গাজিখালী, কাঠামারী, নলবুনিয়া, গজগজিয়া, হুড়কা, চাড়াখালী ও ছিদামখালী গ্রামের প্রায় ৭ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রিজটি। ব্রিজটির সংযোগ সড়কের কাজ এখনো শেষ হয়নি। সংযোগ সড়কের ব্যবস্থা না থাকায় বাঁশের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

স্থানীয় অমল দাস বলেন, কয়েক বছর ধরে দেখছি এই ব্রিজটার কাজ হচ্ছে, কাজ কবে যে শেষ হবে তার তো ঠিক ঠিকানা নেই। রামপাল সদর, মোংলা ও বাগেরহাট যাওয়ার জন্যই আমাদের এই নদী পার হয়ে যেতে হয়। এ ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে ব্রিজে লাগানো মই বেয়ে যেতে হয়। আমরা কি করবো, আমাদের তো বিকল্প কোনো উপায় নেই।

সুজন মজুমদার বলেন, হুড়কা ইউনিয়নের অধিকাংশ মানুষ দরিদ্র। তারা কৃষিকাজ, মৎস্য ও মোংলা ইপিজেডে শ্রমিকের কাজ করেন। বগুড়া নদী পার হয়ে তাদের শহরের যাতায়াত করতে হয়। এ ছাড়া যাতায়াতের বিকল্প যে পথটি রয়েছে সেটি প্রায় ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়। তাই হাজার হাজার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম এই ব্রিজটি দ্রুত মানুষের চলাচলের উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার বলেন, ২০১৮ সালের শেষের দিকে বগুড়া খেয়াঘাট ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। প্রথম দিকে ব্রিজটির নির্মাণকাজ দ্রুত গতিতে চললেও একটা সময় করোনা মহামারি ও জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে ব্রিজটির কাজ থেমে যায়। মূলত ব্রিজটির নির্মাণকাজ শেষ হতো অনেক আগেই। সমস্যা হচ্ছে ব্রিজটির এক অংশের সংযোগ সড়ক নিয়ে।

‘সংযোগ সড়কটির কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমি থাকায় স্থানীয় বাসিন্দা খিরোজ দাস ও প্রতাপ রায় নামের দুই ব্যক্তি মামলা করেন। ওই মামলার কারণে ব্রিজটির সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ খিরোজ দাসকে দুই লাখ ও প্রতাপ রায়কে এক লাখ ২৫ হাজার দেয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। ফলে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে গুরুত্বপূর্ণ ব্রিজটি উন্মুক্ত করে দেয়া হবে।’

রামপাল উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন বলেন, করোনা মারামারি ও সীমানা জটিলতায় মামলার কারণে বগুড়া খেয়াঘাট ব্রিজটির কাজ দুই দফা পেছানো হয়েছে। ইতিমধ্যে ব্রিজটির ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। আশা করছি আগামী জুন মাসে ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সীমানা জটিলতায় যারা মামলা করেছিল, তাদের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বর্তমানে দ্রুত গতিতে সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত