বিশ্বকাপের আগে কাতারকে কেন ফিফার সতর্কতা

আপডেট : ১৫ মে ২০২২, ১১:০২ পিএম

চলতি বছর নভেম্বরে কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। জমজমাট এ আসরে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ দর্শক যাওয়ার কথা রয়েছে। দর্শকদের থাকার জন্য কাতারের ৬৯টি হোটেলের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাঠে বসে খেলা উপভোগ করতে সবার সেখানে যাওয়ার অনুমতি থাকলেও সমকামী দম্পতিদের থাকার জায়গা দেওয়ার ব্যাপারে আপত্তি আছে তিনটি হোটেলের। কাতারের আইনে দেশটিতে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার ফিফা, কাতার-২০২২ বিশ^কাপের সময় সমকামী সম্প্রদায়ের লোকদের সঙ্গে বৈষম্যকারী হোটেল বা অন্যান্য সেবা প্রদানকারীর চুক্তি প্রত্যাহার করবে বলে সতর্ক করে দিয়েছে। সম্প্রতি নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের কয়েকটি গণমাধ্যমের পরিচালিত গবেষণায় দেখা গেছে, ফিফার প্রকাশিত তালিকায় থাকা তিনটি হোটেল সমকামীদের থাকার জায়গা দেবে না। ওই তিনটি হোটেল ছাড়াও ২২টি হোটেল কর্র্তৃপক্ষ জানিয়েছে, তারা সমকামী দর্শকদের শর্তসাপেক্ষে হোটেলে থাকার জায়গা দেবে। শর্তটি হলো, হোটেলে থাকতে চাওয়া সমকামী অতিথিরা জনসমক্ষে তাদের আচরণ প্রকাশ করতে পারবেন না। আর ৩৩টি হোটেল জানিয়েছে, সমকামী দর্শকদের জায়গা দিতে তাদের কোনো আপত্তি নেই।

বিশ্বকাপের ডেলিভারি ও লিগ্যাসিবিষয়ক সুপ্রিম কমিটি জানায়, কাতার একটি রক্ষণশীল দেশ। তবে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, কাতারের প্রায় ১০০ হোটেল বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়, দর্শক ও বিশ^কাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকার জায়গার আয়োজন করবে। এই হোটেলগুলোকে অবশ্যই ‘সাসটেইনেবল সোর্সিং কোড’ মেনে চলতে হবে। তিনি আরও জানান, এই কোডের কোনো ব্যতিক্রম হলে তা খুব গুরুত্বসহকারে বিবেচনা করবে কমিটি। কমিটির এই মুখপাত্র অবশ্য এ বিষয়ে আরও তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই সমকামীদের জায়গা না দেওয়ার এই অভিযোগের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসুক।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্টরা যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হন আমরা তা নিশ্চিত করতে চাই।’ এর আগে গত মার্চ মাসে যুক্তরাজ্যের ফুটবল দলের ম্যানেজার গারেথ সাউথগেইট বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়া দর্শকদের মানবাধিকার বিষয়ে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত