নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক পত্রিকা হকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পত্রিকার তিন হকারসহ চারজন আহত হয়েছেন। গত রবিবার গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, হাটাবো এলাকার হযরত আলী ও তার দুই ছেলে ফারুক ও মোহাম্মদ আলী উপজেলার বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করেন। একই এলাকার নুরুল ইসলামের ছেলে আবদুর রহমানের সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার রাতে আবদুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হযরত আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হযরত আলী ও তার দুই ছেলেকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হযরত আলীর স্ত্রী শাহিদা আক্তার তাদের বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আবদুর রহমান হামলার অভিযোগ অস্বীকার করেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রিপন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মধ্যপাড়ার নুরুজ্জামানের ছেলে মো. রিপন ভেড়ামারা শহরের নওদাপাড়ায় তার নানার বাড়ি থেকে গতকাল দুপুরে নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা কোচ স্ট্যান্ডসংলগ্ন অটোরিকশা স্ট্যান্ডে ১০-১২ যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় সায়েম নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘টাকা লেনদেন ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।’
