পানির নিচে কুজাইন বিলের ৩ হাজার বিঘার ধান

আপডেট : ১৮ মে ২০২২, ০৬:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ভারত সীমান্তের কুজাইন বিলে উজান থেকে হঠাৎ করে ধেয়ে আসা ঢলে প্রায় ৩ হাজার বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার এই ভরা মৌসুমে ঢলের পানিতে ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রায় দেড় হাজার কৃষক।

স্থানীয়রা জানান, গত দুদিন ধরে ভারত থেকে উজানের পানি কুজাইন বিলে ঢোকা শুরু হয়। স্থানীয়রা পানি রোধে বাঁধ দিলে সে বাঁধ সোমবার রাতে ভেঙে গেলে বিস্তৃত এলাকার ধানি জমি পানির নিচে তলিয়ে যায়।

পানির নিচে তলিয়ে যাওয়া ধান নষ্ট হওয়ার আগে তা কেটে নিতে জমিতে নেমে পড়েছেন শত শত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, পানি যেভাবে ঢুকছে তাতে অনেক ধান কেটে তোলা যাবে না। নষ্ট হয়ে যাবে। এদিকে, সংলগ্ন পুনর্ভবা নদীর ওপর কাঠের সেতু ডুবে যাওয়ায় কেটে নেয়া ধান ঘরে তুলতে ভোগান্তির মধ্যে পড়েছে কৃষকেরা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহম্মেদ সরকার জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলায় ১৫ হাজার ৪৮০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে রাধানগর ইউনিয়নেই বেশি ধান আবাদ হয়। কুজাইন বিলে প্রায় আড়াই থেকে তিন হাজার বিঘা ধান পানিতে তলিয়ে গেছে। আরো ধানি জমিতে পানি ঢুকছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত