রাজধানীর বিজয় সরণিতে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় সপ্তাহের শেষ কর্মদিবসের সকালে তীব্র যানজটে পড়েন অফিসগামী যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় সরণির মোড়ে ভোর সাড়ে ৩টার দিকে বাসের সঙ্গে সংঘর্ষের পর কভার্ডভ্যানটি উল্টে যায়। সকাল সোয়া ৯টা পর্যন্ত বিজয় সরণি মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে যানজট তৈরি হয়।
এতে করে বনানী, গুলশান, মগবাজার ও বিজয়নগর পর্যন্ত সড়কে দেখা দেয় তীব্র যানজট। এ সময় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
বিশ্বরোড থেকে ফার্মগেটগামী এক যাত্রী বলেন, অফিস ৮টায় শুরু। বাসে করে মহাখালী ফ্লাইওভারে পৌঁছাতে আধা ঘণ্টার উপরে লেগে যায়। এরপর সেখান থেকে আর কোনো গাড়ি নড়ে না। ফার্মগেট পৌঁছাতে দুই ঘণ্টা লেগে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ জানিয়েছেন, বিজয় সরণির দুর্ঘটনার কারণে আজকের যানজটের সৃষ্টি। দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ গাড়ি বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়। একসঙ্গে সব গাড়ির চাপ পড়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাখালী থেকে এই যানজট খিলক্ষেত পর্যন্ত ছড়িয়েছে।
