পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলল ইন্দোনেশিয়া

আপডেট : ২০ মে ২০২২, ০২:২৭ এএম

ইন্দোনেশিয়া আগামী ২৩ মে থেকে আবার পাম তেল রপ্তানি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। খবর এএফপির।

ইউক্রেনে যুদ্ধ ও রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক উদ্ভিজ্জ তেলের বাজারে মূল্যবৃদ্ধি পায়। এরপর দেশের বাজারের চাহিদা মেটাতে গত মাসে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ইন্দোনেশিয়া।

ভার্চুয়াল ব্রিফিংয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ‘অভ্যন্তরীণ রান্নার তেলের সরবরাহ বৃদ্ধি এবং পাম তেল খাতের ১ কোটি ৬০ লাখ মানুষের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, ২৩ মে থেকে পাম তেল ফের রপ্তানি শুরু হবে। সরকার সবকিছু নিবিড়ভাবে তদারকি করবে, যাতে সাশ্রয়ী মূল্য চাহিদা মেটানো যায়।’

ইন্দোনেশীয় সরকারের লক্ষ্য ছিল, স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম লিটারপ্রতি ১৪ হাজার রুপিয়ায় নামানো। কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ার আগেই দেশের ভেতরে ও বাইরে থেকে চাপে পড়ে সরকার।

পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে গত মঙ্গলবার রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছেন শত শত কৃষক। সরকারের সিদ্ধান্তে তাদের রোজগার অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত