বাজি ফোটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরণে আহত দুই শিশু

আপডেট : ২০ মে ২০২২, ০২:৩৮ পিএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাজি বানিয়ে ফোটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু।

আহতরা হলো সিকির বাজার হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান (১৩) এবং বান্ধাবাড়ি লোহার ভিটা মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া (১১)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

কোটালিপাড়া থানার পরিদর্শক মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই কিশোর ঘরের দরজা বন্ধ করে দেশলাইয়ের বারুদ দিয়ে বাজি বানিয়ে তা ফোটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরিত হয়। এতে তারা আহত হয়।

এর মধ্যে তানভির খান বেশি আহত হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সে মামা আল আমিনের বাসায় রয়েছে। তানভীর সুস্থ আছে বলে জানান আল আমিন।

এ দিকে চোখে আগুনের আঁচ লেগে আহত সালমান জানায়, তারা বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করেছিল। না ফোটায় তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে আগুন দিলে লাইটার বিস্ফোরিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত