নোয়াখালীতে মানববন্ধন

শতবর্ষী পুকুর ভরাট বন্ধের দাবি

আপডেট : ২১ মে ২০২২, ০১:১০ এএম

নোয়াখালীর সোনাপুর জিরোপয়েন্ট এলাকায় শত বছরের পুরনো টুকু বকশী মসজিদের পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছেন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোনাপুর জিরোপয়েন্ট এলাকায় সোনাপুর-চৌমুহনী সড়কে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন টুকু বকশী মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সামছুল ফারুক, আহসান উল্যাহ মন্টুসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বক্তারা বলেন, শত বছরের পুরনো এ পুকুরটি ভরাট করা হচ্ছে। পুকুর ভরাট করে সেখানে বহুতল ভবন নির্মাণ হবে, যা পরিবেশের জন্য মরাত্মক হুমকি। বক্তারা পুকুর ভরাট বন্ধ করে সেটিকে পুনঃখনন করার দাবি জানান। পুকুর ভরাট বন্ধ করার দাবি জানিয়ে জেলা প্রশাসককে লিখিত দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান বলেন, পুকুরটি ব্যক্তিমালিকানাধীন, তবুও আইন রয়েছে শ্রেণি পরিবর্তন করা যাবে না। সে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত