ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় ঝড়ের কবলে তিনটি দোকান ঘর দুমড়েমুচড়ে যায়।
শনিবার (২১ মে) সকালে ভোলা সদর উপজেলর ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় মো. মনজু ও নাছিম জানান, ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায় ঝড়ের কবলে পরে নদীতে থাকা এম ভি তামিম শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এসময় তারা বাল্কহেডে থাকা ৬ জনকে উদ্ধার করে। এসময় তার পাশে থাকা এম ভি হৃদয় নামের একটি খালি বাল্কহেড এসে মাছ ঘাটের ৩টি দোকানে ধাক্কা দেয়। এসময় মাছ ঘাটে একটি চায়ের দোকান দুটি মাছের আড়ত দুমড়েমুচড়ে যায়।
ডুবে যাওয়া এমভি তানিম শামীম বাল্কহেড নাবিক মো. মনির বলেন, আমরা নদী ভাঙনরোধে ইমারজেন্সি কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখী শুরু হলে আমাদের বাল্কহেড আক্রান্ত হয়। পরে আমার নদীতে ঝাঁপিয়ে পড়ি। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।
ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালা বাদশা জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু বোঝাই করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।
এছাড়াও কালবৈশাখী ঝড়ে কবলে পরে ভোলার ৭ উপজেলায় বেশ করেকটি ঘড় বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
