বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।
আজ সোমবার (২৩ মে) সকালে তাদের বাড়ি থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- স্থানীয় সাদিপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছিল বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ অস্ত্র কালুর বাড়িতে মজুদ করা হয়েছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালু জানায়, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
