মরিচের গুঁড়া ছিটিয়ে এজেন্ট ব্যাংকের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ২৩ মে ২০২২, ০৭:১২ পিএম

জয়পুরহাটের জামালপুর চান্দা এলাকায় এজেন্ট ব্যাংকিংয়ের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের সময় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তারা হলো জয়পুরহাট শহরের আমতলী এলাকার জামিউল ইসলাম মিন্টু (৪০), ধানমন্ডি এলাকার শামসুজ্জোহা জোহা (৩১) ও  মাদ্রাসা পাড়া এলাকার ফারহান সুমন (৩৪)।

সোমবার দুপুরে জয়পুরহাট থানার ওসি এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ববিবার বেলা ১২টার দিকে ইসলামী ব্যাংক জামালগঞ্জ এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন জয়পুরহাট শাখা থেকে তুলে ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের চান্দা ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলে ছয়জন তাকে বাধা দেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারে ফেলার হুুমকি দিয়ে আবুল হোসেন চোখে-মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। তারা আবুল হোসেনের কাঁধে থাকা ১৩ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় রাস্তার পথচারী ও এলাকাবাসীর সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে জামিনুর রহমান মিন্টু ও শামসুজোহা জোহা দৌড়ে পালানোর সময় তাদের টাকাসহ আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ধারাল চাকু ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

পরে এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে  দ্রুত বিচার আইনে মামলা করেন এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন। 

এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, দ্রুত বিচার আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দিনাজপুর, বগুড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। পলাতকদের গ্রেপ্তারে জোর তৎপরাতা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত