সিরাজগঞ্জের বেলকুচিতে পাঠদান বন্ধ রেখে একটি বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। গতকাল সোমবার সোহাগপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্ষমতাসীন দলের দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের কারণে বিদ্যালয়ের পাঠদান সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়। এতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী ক্লাসবঞ্চিত হয়। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর অভিভাবক বলেন, এমনিতেই করোনা পরিস্থিতির কারণে তাদের সন্তানদের পড়ালেখার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ের মাঠে রাজনৈতিক দলের সম্মেলন আয়োজন করা ঠিক হয়নি আয়োজকদের।
পাঠদান বন্ধ রেখে সম্মেলন আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে সোহাগপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক শহিদুল রেজার মোবাইল ফোনে কল হলে তিনি এই প্রতিবেদকের পরিচয় জানামাত্র সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শফিউল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘ক্লাস বন্ধ রেখে কোনো রাজনৈতিক দলের সম্মেলন আয়োজনের অনুমোদন দেওয়ার নিয়ম নেই। এ বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করা হয়নি। বিদ্যালয় কর্র্তৃপক্ষও এ ব্যাপারে আমাকে কিছু জানায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। এতে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ সদর আংশিক-কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেলকুচি পৌরসভার সাবেক মেয়র আশানুর বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
