নর্থ সাউথের ৪ ট্রাস্টিকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আপডেট : ২৪ মে ২০২২, ০২:৪৩ এএম

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে কারাগারে পাঠানোর পাশাপাশি এক দিন করে কারাফটকে (জেলগেট) জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ অনুমতি দেন।

কারাগারে পাঠানো চার আসামি হলেন এমএ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে ৫ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ চার ট্রাস্টি ছাড়া মামলার অন্য দুই আসামি হলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

এ মামলার ছয় আসামির মধ্যে চারজন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়। আর ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ থানা পুলিশকে তাদের বিচারিক আদালতে হাজির করতে বলা হয়।

গতকাল দুপুরে আদালতে হাজির করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। অন্যদিকে আসামিপক্ষে ডিভিশন চাওয়া হয়। ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতাকে টাকা দেন। পরে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন। পরে নিজেরা এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত