প্রতিবেশীদের পাশাপাশি দুর্বল দেশগুলোয় গম রপ্তানি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। গত বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পীযূষ গোয়েল এ কথা বলেন। পরে এ নিয়ে তিনি টুইটও করেছেন। খবর এনডিটিভির।
ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ববাণিজ্যের ১ শতাংশের কম। আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না। আমরা দুর্বল দেশ ও প্রতিবেশী দেশগুলোয় (গম) রপ্তানির অনুমতি অব্যাহত রাখব।’
পীযূষ গোয়েলের বক্তব্যের আলোকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে, এমন দেশগুলোয় গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে।
পীযূষ গোয়েল বলেন, চলতি বছর গম উৎপাদন ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র দাবদাহের কারণে ফসল আগাম কাটতে হয়। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে আমরা যা উৎপাদন করছি, তা অভ্যন্তরীণ চাহিদার জন্য যথেষ্ট।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না। দুই বছর আগে ভারত গম রপ্তানি শুরু করে। ভারত গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গত দুই মাসে বেশিরভাগ গম রপ্তানি করা হয়েছে।
১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
