সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার দুদিন পর এবার একটি মেস থেকে ওই কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সৌরভ দাস রাহুল নামের ওই ছাত্র সিলেট নগরীর গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।
শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সৌরভ দাস রাহুল এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার কেউরালা গ্রামের মনমোহন দাসের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) খালেদ মামুন জানান, গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন সৌরভ। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে সৌরভের পাশের কক্ষের ছাত্র ঘুম থেকে উঠে দেখেন তার কক্ষের দরজা বাইরে থেকে লাগান। তার ডাকাডাকিতে অন্যরা উঠে আসেন। তবে সৌরভের কক্ষের দরজা ভেতর থেকে লাগানো থাকায় তাকে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। তখন জানালা দিয়ে সৌরভের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
খালেদ মামুন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌরভ আত্মহত্যা করেছেন।
গত ২৫ মে (বুধবার) এমসি কলেজের ছাত্রনিবাস থেকে স্মৃতি রানী দাস নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল। স্মৃতি এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
