লাইফ সাপোর্টে পলিটেকনিক্যালের ছাত্র: র‌্যাগিংয়ে পেটানোর অভিযোগ

আপডেট : ২৭ মে ২০২২, ০৯:৩৪ পিএম

ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী গোপাল রায় রাজেসকে (১৯) ২৩ মে রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । সেখানে আইসিইউ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।

তিনি গোপালগঞ্জ জেলার নারিকেলবাড়ি গ্রামের প্রনয় রায়ের ছেলে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ দিকে ঘটনার পরে দিন টেকনিক্যাল কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যর তদন্ত টিম গঠন করেছে। তাদের পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে ।

আহত রাজেস রায়ের বাবা প্রনয় রায় তার অভিযোগে বলেছেন, আমার ছেলে গত ২৩ মে রাত সাড়ে ১১টায় কলেজ হোস্টেলে অবস্থানকালীন মাথায়, হাত ও বুকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, তার মাথায়, হাতে, কানের পাশে আঘাতে চিহ্ন রয়েছে। এ ছাড়া হাতের কবজি ভেঙে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেছেন, রাজেসকে পরিকল্পিতভাবে পেটানো না হলে এমন গুরুতরভাবে আহত হওয়া সম্ভব নয়।

এ বিষয়ে ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী শেখ জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছেলেটি ক্যাম্পাসের একটি আম গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। তবে পরিবারের অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি সঠিক তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি টিম করে দিয়েছি। তারা পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল এ প্রসঙ্গে বলেন, অভিযোগ পাওয়ার পরে জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পুলিশের তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত