পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়াল দেশটির সরকার। ফলে পাকিস্তানের ইতিহাসে এক ধাক্কায় সর্বোচ্চ দাম বাড়ার নজির তৈরি হয়েছে। সরকারের ঘোষিত বর্ধিত দাম গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়েছে। পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম এখন ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন ১৫৫ দশমিক ৫৬ রুপিতে বিক্রি হচ্ছে।
গত বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পেট্রোল ও ডিজেলে দাম বাড়ানোর ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। এ সময় মন্ত্রী বলেন, মধ্যরাত থেকে সব পেট্রোলিয়াম পণ্যের দাম ৩০ রুপি করে বাড়ানো হচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে ৬ বিলিয়ন ডলারের পরিকল্পনা ফের চালু করার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরদিনই এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন, জ্বালানি তেলের ওপর থেকে যতক্ষণ না ভর্তুকি তোলা হচ্ছে, ততক্ষণ কোনো সাহায্য মিলবে না।
