তেল ছাড়া রান্না

আপডেট : ২৭ মে ২০২২, ১১:২৯ পিএম

তেল ছাড়া চার রকমের রান্না করে রেসিপি দিয়েছেন জেসমিন আক্তার জেসি

মোরগ মাসালা

উপকরণ

মুরগির মাংস ৬০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন পেস্ট ২ টেবিল চামচ, আদা পেস্ট ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৩টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, গরম মসলা আধা চা চামচ, ব্ল্যাক পেপার ১ চা চামচ, টক দই ৩ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরো, লং ৪টি, চিনি ১ চা চামচ, লবণ দেড় চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. বাটিতে মাংসের টুকরো নিয়ে এতে আদা ও রসুন দিন। এরপর হলুদ, মরিচ, লবণ, গোলমরিচ, লবঙ্গ ও দারুচিনি, টক দই, গরম মসলা ও কাঁচামরিচ  দিয়ে মেরিনেট করে ৪০ মিনিট ঢেকে রেখে দিন।

২. ননস্টিক প্যানে পেঁয়াজ কুচি দিয়ে অল্প আঁচে ২ মিনিট রেখে দিন। পেঁয়াজ প্যানে দিয়ে হালকা নেড়ে দিন। এরপর মেরিনেট করা মাংস দিয়ে দিন।

৩. চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে মুরগির মাংস ভালোভাবে কষান। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন।

৪. মাঝারি আঁচে মাংস রান্না করুন ৩৫ মিনিট। নামানোর আগে একটু চিনি দিয়ে নেড়ে চুলায় কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করুন।

নাগা চিকেন টিক্কা

উপকরণ

হাড় ছাড়া মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, রাঁধুনী মরিচ গুঁড়ো ১ চা চামচ, রাঁধুনী কাবাব মসলা ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, সয়াসস ১ চা চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ নাগা লাল মরিচ পেস্ট আধা চা চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মাংস মসলা দিয়ে মেখে মেরিনেট করে ২ ঘণ্টা রেখে দিন।

২. ননস্টিক গ্রিল ফ্রাইপ্যানে মাংসের টুকরো ঢেকে রান্না করুন ১০ মিনিট।

৩. মাংস থেকে পানি ছাড়লে এবং মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এলে, ঢাকনা তুলে চিকেন টুকরোর দুই পাশ ভেজে নিন।

৪. চিকেন মেরিনেট মসলা মধ্যেই ব্রাশ করে দিয়ে দিন।

৫. সাসলিক কাঠিতে চিকেন ও সালাদ সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বারবিকিউ গ্রিল চিকেন

উপকরণ

মুরগির মাংস ৩০ টুকরো, বারবিকিউ মসলা ১ প্যাকেট, জিরা গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, টক দই আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, বারবিকিউ সস আধা কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মাংসে সব মসলা ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিন ২ ঘণ্টা। এখানে বারবিকিউ গ্রিল চিকেনে কোনো রকম তেল ও বাটার ব্যবহার হবে না।

২. বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে মাংস দিয়ে ওপরে মসলা ঢেলে ১৬০ ডিগ্রিতে ১ ঘণ্টা বেক করে রাখুন।

৩. বারবিকিউ চিকেনের যে ঝোল বের হবে সেটি আলাদা একটি প্যানে জ্বাল দিয়ে গ্রেভি হলে চিকেনের ওপর দিয়ে পরিবেশন করুন বারবিকিউ গ্রিল চিকেন।

ডিমের ডালনা

উপকরণ

সিদ্ধ ডিম ৪টি, ধনেপাতা ১ টেবিল চামচ, মাঝারি আকারের আলু সিদ্ধ ২টা অর্ধেক করে কাটা, পেঁয়াজ কুচি ১টি, টমেটো ২টি, রসুন ৫ কোয়া, আদা টুকরো ২টি, কাঁচামরিচ ২টি, হলুদ গুঁড়ো ৩ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো  ২ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো দেড় চা চামচ, ছোট এলাচ ৪টি, লবঙ্গ ৩টি, দারুচিনি টুকরো ১টি, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এক সঙ্গে ব্লেন্ড করে নিন। সিদ্ধ ডিম ও আলুতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিন।

২. ননস্টিক প্যানে গরম করে ডিম ও আলু দিয়ে হালকা করে ভেজে নিন।

৩. এরপর ডিম, আলু তুলে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ-টমেটো বাটা দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে আলু ও ডিম দিন।

৪. ফুটতে শুরু করলে সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে রান্না করুন।  হালকা আঁচে ৪-৫ মিনিট রেখে গরম মসলা গুঁড়ো ছিটিয়ে  চুলার আঁচ বন্ধ করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত