আজহারী-সাঈদীর বক্তব্য প্রচার, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

আপডেট : ২৭ মে ২০২২, ১১:৫৬ পিএম

ফেনী জেলার ফুলগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার একদিনের মাথায় সভাপতির বিরুদ্ধে আজহারী ও সাঈদীর বক্তব্য প্রচারের অভিযোগ ওঠায় কমিটি স্থগিত করা হয়েছে।

সভাপতি হিসেবে পদ পেয়েছিলেন রাকিবুল হাসান পিয়াশ। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের ৪ ডিসেম্বর ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে প্রশংসাসূচক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যা কমিটি ঘোষণার পরপরই ভাইরাল হয়।

শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ফুলগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি ও সভাপতির পদ স্থগিত করে একটি বিজ্ঞপ্তি দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগ ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্তে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মো. রাকিবুল হাসান পিয়াশের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শাখার নবগঠিত কমিটি স্থগিত ঘোষণা করা হলো। অধিকতর তদন্তের স্বার্থে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো। তারা হলেন- মো. হাসান, মো. শাহিন ও তুহিন সারোয়ার। উক্ত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ফেনী জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘোষিত হয় ফেনী জেলার ফুলগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি।

ভাইরাল স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারীর ছবি দিয়ে রাকিবুল উল্লেখ করেছিলেন, লজ্জিত ফেনীবাসী। আপনাকে (মিজানুর রহমান আজহারী) এত কিসের ভয় যে আপনার মাহফিল বন্ধ করে দেয়! সমস্যা নাই। আপনি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আপনার বিরুদ্ধে যারা কাজ করতেছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে।

এ ছাড়া বিভিন্ন সময় পিয়াস যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দ্ধী মাওলানা সাঈদীর ওয়াজ শেয়ার করতেন।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যাচাই-বাছাই করার জন্য আমরা কমিটি করে দিয়েছি। যদি জামায়াত সমর্থিত মিজানুর রহমান আজহারীকে নিয়ে তার কোনো স্ট্যাটাস বা কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে রাকিবুল হাসান পিয়াশ বলেন, আমি এই ধরনের কোনো স্ট্যাটাস দিইনি। বিরোধীপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পদ প্রত্যাশীরা আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত