কোরবানির ঈদের আগে মসলার সংকটের কোনো তথ্য নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে, এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে। তাই ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
গতকাল শনিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সভায় ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে দেশীয় বাজারকে অস্থির না করার প্রতি আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকি করার নির্দেশনা দেন তিনি।
