দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবায় ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুরে লালবাগ গোরস্থানের পাশে নদীর পানিতে ডুবে যায় সে।
১৫ বছর বয়সী ইফতি রহমান সাকিল লালবাগ এলাকার সাইফুর রহমানের ছেলে এবং দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সাকিলের নানা ইদ্রিস আলী লালবাগ সংলগ্ন একটি লিচু বাগানে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এসময় সাকিল তার নানার কাছে আসে এবং একপর্যায়ে গোরস্থান সংলগ্ন পুনর্ভবা নদীতে হাত ধুতে যায়। কিন্তু সাঁতার না জানা সাকিল পানিতে পড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেহফুজ তানজির বলেন, আমাদের ডুবুরি দল না থাকায় রংপুর থেকে এনে সাকিলের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল শনিবার ডোবায় পড়ে আব্দুল্লাহ (৩) ও মহরম (২) নামে দুই শিশু মারা গেছে। শেরপুরের খানপুর ও সীমাবাড়ি ইউনিয়নে পৃথক ঘটনায় মারা যায় শিশু দু’টি।
পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে খানপুর ইউনিয়নের ভাটরা উত্তরপাড়ার ভ্যানচালক আলমগীর হোসেনের সন্তান আব্দুল্লাহ বাড়ির পাশে খেলার সময় ডোবায় পড়ে যায়। এছাড়া, সীমাবাড়ি ইউনিয়নের রড়োয়া মধ্যপাড়ার ভ্যানচালক এনামুলের সন্তান মহরম দুপুরে খেলার সময় বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায়।
