কভিড পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম চেম্বারের আন্তর্জাতিক বাণিজ্যমেলা ‘সিআইটিএফ-২০২২’। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামীকাল মঙ্গলবার (৩১ মে) বিকেলে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশের খ্যাতনামা বিভিন্ন শিল্প গ্রুপ ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে।
এ উপলক্ষে গতকাল রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, গত ২৮ বছর ধরে দেশীয় পণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে আমরা চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করে আসছি। বিগত দুই বছর করোনা মহামারীর কারণে মেলা আয়োজন করা সম্ভব হয়নি এবং এ বছরও নির্দিষ্ট সময়ে এ মেলা করা যায়নি। বিলম্ব সত্ত্বেও ধারাবাহিকতা রক্ষা এবং দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যাপক আগ্রহের কারণে এবার ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবেন।
