ইভিএমের বাটন টিপে দেওয়ার জন্য লোক রাখার ঘোষণা আ.লীগ প্রার্থীর

আপডেট : ৩০ মে ২০২২, ০২:২০ পিএম

‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’

নির্বাচনী সভায় প্রকাশ্যে এমন ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গত শনিবার দেওয়া তার ৪১ সেকেন্ডের ভিডিও। সেখানে বলতে শোনা যায়, ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন।

ভিডিওতে মুজিবুল চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’

মুজিবুল হক বলেন, ‘ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না। এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম। তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বোঝেননি?’

চাম্বাল ইউনিয়নের বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে মুজিবুল হক চৌধুরী এমন বক্তব্য দেন। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ফোন করলে সংবাদমাধ্যমের কাছে তিনি কোনো মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত