শতবর্ষী পুকুর উদ্ধারের দাবি

আপডেট : ০২ জুন ২০২২, ১২:২৪ এএম

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউপির উনচিপ্রাংয়ের রইক্যং এলাকায় হাজারো মানুষের ব্যবহৃত এক শতবর্ষী পুরনো পুকুর ভূমিদস্যুরা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। পুরনো পুকুরটি দখলবাজদের কবল থেকে উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির রইক্যং পুকুরপাড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পুরুষ-মহিলা ও হিন্দু-বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা অংশ নেন।

 হোয়াইক্যং যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এই পুকুর আমরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছি। হঠাৎ কয়েকজন ভূমিদস্যু ভুয়া দলিল বানিয়ে পুকুরটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে।

মানববন্ধনে অংশ নেওয়া ছৈয়দ হোছাইন, কালা মিয়া, অমিও বড়ুয়াসহ অনেকে জানান, ১৯৮০ সালে রাখাইন জমিদাররা তাদের জায়গা জমি বিক্রি করে চলে যাওয়ার সময় এই পুকুরটি স্থানীয়দের ব্যবহারের জন্য রেখে দেন। সেই থেকে আজ অবধি শতবর্ষী পুরনো পুকুরটি ব্যবহার করে আসছে এলাকার জনসাধারণ। সচেতন মহলকে দমিয়ে রাখতে দখলবাজরা মামলা হামলা দেওয়ার হুমকিও দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত