প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক বরখাস্ত

আপডেট : ০৩ জুন ২০২২, ০২:৪১ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগে আটক হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাইনুল ইসলাম হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হয় গত ২০ মে। ওইদিন রাজবাড়ী সদর উপজেলা থেকে মাইনুলসহ প্রশ্নফাঁস চক্রের ১৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল, জিজ্ঞাসাবাদে প্রশিক্ষক মাইনুল ইসলাম হাওলাদার পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আদায়ের কথা স্বীকার করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এবং সরকারি চাকরি আইন অনুযায়ী মাইনুল ইসলাম হাওলাদারকে ২০ মে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত