বরিশালে সাংবাদিক অপহরণচেষ্টায় গ্রেপ্তার ৩

আপডেট : ০৩ জুন ২০২২, ০৪:৫৬ পিএম

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূরে আলম ও হাবিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শুক্রবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) এনামুল হক।

গ্রেপ্তাররা হলেন নগরের কাউনিয়া এলাকার মৃত আবদুল বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আবদুল বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরের নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

এনামুল হক জানায়, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়। এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আমরা গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছি।

প্রাথমিকভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি জানিয়ে মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশ কর্মকর্তা। এদিকে ছবি তুলতে গেলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের সামনেই চিত্র সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়।

এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টার দিকে সময় টেলিভিশনের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। তবে ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। তবে অপহরণ চেষ্টায় ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত