ভারতে নষ্ট হওয়ার ঝুঁকিতে ১৭ লাখ টন গম

আপডেট : ০৪ জুন ২০২২, ১১:০৫ পিএম

গম রপ্তানিতে গত মাসের মাঝামাঝি নিষেধাজ্ঞা দেয় ভারত। প্রতিবেশী ও দুর্বল দেশগুলোয় সরকারিভাবে গম রপ্তানি অব্যাহত থাকবে বলে জানানো হয়। এরপর গম রপ্তানিতে লাগাম টেনেছে দেশটি।

নিষেধাজ্ঞার পর ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি করেছে ভারত। কিন্তু এখন ভারতের বিভিন্ন বন্দরে আটকা পড়ে আছে অন্তত ১৭ লাখ টন গম। বর্ষা শুরু হওয়ায় এসব গম এখন নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞার ঘোষণার পর এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি হয়েছে। এসব গমের বেশির ভাগ রপ্তানি হয়েছে মূলত বাংলাদেশ, ফিলিপাইন, তানজানিয়া ও মালয়েশিয়ায়। নিষেধাজ্ঞার পর ভারত থেকে মোট গম রপ্তানির হিসাবও তিনিই দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত এপ্রিলে গম রপ্তানির রেকর্ড করেছিল ভারত। ওই মাসে ভারত থেকে মোট ১৪ লাখ ৬০ হাজার টন গম রপ্তানি হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার পর গত মে মাসে ভারতের গম রপ্তানি কমেছে। এ মাসে ভারত মোট ১১ লাখ ৩০ হাজার টন গম রপ্তানি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত