আনোয়ারায় বহাল ১৪ অবৈধ ক্লিনিক

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:৪৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নানা অনিয়ম-বিশৃঙ্খলায় চলছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বর্তমানে উপজেলায় অনিবন্ধিত ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু রয়েছে। শুধু অনুমোদনের জন্য অনলাইনে আবেদন করেই বছরের পর বছর চলছে এসব প্রতিষ্ঠান। কোনো কোনো প্রতিষ্ঠান কিছু না করেই বহালতবিয়তে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝেমধ্যে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও পরবর্তীকালে অদৃশ্য ইশারায় আবারও তা চালু হয়ে যায়।

সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ‘সাঁড়াশি অভিযান’ চললেও আনোয়ারায় তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। উপজেলা স্বাস্থ্য বিভাগ শুধু তালিকা তৈরি করেই দায়িত্ব শেষ করেছে। ফলে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার। এ ধরনের প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই ক্ষতির মুখে পড়ছেন, অঙ্গহানির ঘটনাও ঘটছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারায় ১৭টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন আছে মাত্র ৩টির। আর অনুমোদনের জন্য আবেদন করেছে ১০টি, বাকি চারটি এখনো আবেদন করেনি। সে হিসাবে উপজেলার ১৪টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারই অবৈধ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাতরী চৌমুহনী, বটতলী রুস্তমহাট ও মহালখান বাজার এলাকার প্রায় প্রতিটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারই সচল। এগুলোতে রোগীর উপস্থিতিও বেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রেও চিকিৎসকদের সংশ্লিষ্টতাই বেশি। এসব প্রতিষ্ঠানে রোগীদের কাছ থেকে ইচ্ছেমতো ফি আদায় করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটি হালনাগাদ তালিকা তৈরি করে সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি। সেখানে যাচাই-বাছাইয়ের পর অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত