ঠাকুরগাঁওয়ে ফখরুল

সীতাকুন্ডের ঘটনায় প্রমাণ করে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ

আপডেট : ০৬ জুন ২০২২, ০৩:০৭ এএম

সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ড প্রমাণ করে সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেখানে অগ্নিনির্বাপকসহ নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। যারা আহত হয়েছেন তাদের ঠিকমতো চিকিৎসা দিতে পারছে না সরকার।

গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গিয়েছে, কিন্তু মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই এই দেশে। উন্নয়নের নামে এ সরকার শুধু অর্থ কামিয়েছে ও চুরি করছে। সীতাকু-ের ঘটনাই বলে দেয় দেশে কী উন্নয়ন হয়েছে।’

মির্জা ফখরুল পদ্মা সেতু প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে পদ্মা সেতু কারও একক সম্পত্তি নয়। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরি হয়েছে। এ পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই সঙ্গে মাওয়ার পাড়ে ও ফরিদপুরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

৭৫’র হাতিয়ারের স্লোগান প্রসঙ্গে বিএনপি মহাসচিবের দাবি এ স্লোগান তারা দেননি। কেউ যদি দিয়ে থাকেন তা সিপাহি জনতার বিপ্লবকেই বোঝানো হয়েছে।

দেশের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘অগ্নিকান্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে এর জন্য দায়ী সরকার। করোনার সময় বলেছিলাম দেশে আইসিইউ নেই, অক্সিজেন সরবরাহ নেই, ডাক্তার নেই, নার্স নেই। এখন কিন্তু আবার একই কথা বলতে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত