চাঁদাবাজির মামলায় নাটোরের সিংড়া পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এক নারীর করা মামলায় গত মঙ্গলবার বিকেলে সিংড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। মিজানুর সিংড়া পৌরসভার উত্তর দমদমা সর্দারপাড়ার মুক্তাদুর রহমানের ছেলে ও ২নং প্যানেল মেয়র।
সিংড়া থানা সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মইনুল হকের মা বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর মিজানুর রহমানের বিরুদ্ধে সিংড়া আমলি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা আছে বলে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। মিজানুর রহমানকে আদালতে পাঠালে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এদিকে মিজানুর রহমানের স্ত্রী নিলুফা বেগমের দাবি, তার স্বামী সিংড়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পরোয়ানাবলে কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি বিচারাধীন।
